সেশনজট দূর করা, ত্রুটিপূর্ণ ফলাফলের পুনর্মূল্যায়নসহ পাঁচ দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের কাছে স্মারকলিপি দিয়েছেন অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। গতকাল সোমবার এ স্মারকলিপি দেন তারা। এ সময় দ্রুত দাবি মানার আশ্বাস দেন উপাচার্য। পরে সাত কলেজের শিক্ষার্থীরা উপাচার্য অফিস থেকে মিছিল সহকারে বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণের নিকট গিয়ে মানববন্ধনে অংশ নেন। এ সময় তারা বিক্ষোভ মিছিলও করেন।
সাত কলেজের শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে—পরীক্ষা শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে ত্রুটিমুক্ত ফল প্রকাশসহ একইবর্ষের সববিভাগের ফল একত্রে প্রকাশ, গণহারে অকৃতকার্য হওয়ার কারণ প্রকাশসহ খাতা পুনর্মূল্যায়ন, সাত কলেজ পরিচালনার জন্য স্বতন্ত্র প্রশাসনিক ভবন, প্রতিটি বিভাগে মাসে দুই দিন করে অধিভুক্ত সাত কলেজে মোট ১৪ দিন ঢাবি শিক্ষকদের ক্লাস নেওয়া, সেশনজট নিরসনে একাডেমিক ক্যালেন্ডার প্রকাশসহ ক্রাস প্রোগ্রাম চালু করা।
স্মারকলিপি প্রদানকালে শিক্ষার্থীদের দাবি মানার আশ্বাস দিয়ে অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ৯০ দিনের মধ্যে ফল প্রকাশসহ সাত কলেজের শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ছয় মাস পর এটি কার্যকর হবে। এছাড়া যারা গণহারে ফেল করেছে তারা নিজ কলেজে এ নিয়ে আবেদন করতে পারবেন। এ সময় তিনি আরো বলেন, সাত কলেজের জন্য স্বতন্ত্র প্রশাসনিক ভবন নির্মাণের প্রক্রিয়া চলছে। এছাড়া প্রশ্ন প্রণয়ন সাত কলেজের শিক্ষকরাই করবেন। তাদের সার্টিফিকেটেও কোনো পরিবর্তন আনা হবে না। কলেজগুলোর জন্য একাডেমিক ক্যালেন্ডারও তৈরি করা হয়েছে। শিগগিরই তা প্রকাশ করা হবে বলে উল্লেখ করেন তিনি।