শিবগঞ্জে জোড়া খুন: আসামির স্বীকারোক্তিতে ৩৩টি ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে আওয়ামীলীগ নেতাসহ জোড়া খুনের ঘটনায় চট্টগ্রাম থেকে আরও ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের একজনের স্বীকারোক্তি মোতাবেক শিবগঞ্জ উপজেলা নয়ালাভাঙ্গার ঢোড়বোনা গ্রামের পশ্চিমপাড়া কবরস্থান ও এর পাশ থেকে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় ৩টি বালতিতে ৩৩টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। 

তবে ককটেল গুলো উদ্ধারের আগেই ৪টি ককটেল বিকট শব্দে ফেটে গেলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে উদ্ধারকৃত ককটেলগুলো ধ্বংস করা হয়। এ সময় নিরাপত্তার স্বার্থে বিশাল একটি এলাকা ঘিরে রাখে পুলিশ ও গ্রাম পুলিশ। ঘটনাস্থলের পাশে ছিল উৎসুক জনতার ভীড়। 

মঙ্গলবার (৯ জুলাই) সকাল থেকে এ অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একটি বোমা ডিস্পোজাল ইউনিট। 

এর আগে যৌথভাবে অভিযান চালিয়ে চট্টগ্রাম থেকে ৪ জনকে আটকের পর আটককৃত আজম আলীর স্বীকারোক্তি মোতাবেক সোমবার রাতে তাকে নিয়ে গোরস্থানে লুকিয়ে রাখা বিস্ফোরকের সন্ধানে তল্লাশি আরম্ভ করে ডিবি পুলিশ। মাটির নিচে লুকানো অবস্থায় থাকায় অভিযানস্থল নজরদারিতে রেখে পরদিন সকালে আবারও অভিযানে নামে তারা এবং ৩টি পৃথক স্থানে অভিযান চালিয়ে ককটেলগুলো জব্দ ও ধ্বংস করা হয়। 

অভিযান চলাকালে অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম অ্যান্ড অপস, মো. নূরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার, নবাবগঞ্জ সার্কেল, মোঃ জাহাঙ্গীর আলম, শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাত, জেলা গোয়েন্দা পুলিশের একটি দল এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একটি বোমা ডিস্পোজাল ইউনিট উপস্থিত ছিলেন। 

চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম তাৎক্ষনিক এক প্রেস ব্রিফিংয়ে ককটেলগুলো উদ্ধার ও আসামী গ্রেপ্তারের সর্বশেষ অবস্থা জানিয়ে বলেন, কবরস্থান ও আশেপাশের এলাকায় আরও বিস্ফোরক থাকার আশংকা থাকায় এ অভিযান চলবে। এ মামলায় এ পর্যন্ত ৭ জনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এর মধ্যে একজন সরাসরি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা আদালতে জবানবন্দি দিয়েছেন। 

এছাড়াও অপর অভিযানে আরও ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আটককৃতদের মধ্যে সরাসরি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এমন আসামিও রয়েছে। 

উল্লেখ, গত ২৭ জুন রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আওয়ামীলীগ নেতা সালামসহ জোড়া খুনের ঘটনায় ৫২ জন ও অজ্ঞাত আরও ২০/২৫ জনকে আসামি করে একটা হত্যা মামলা দায়ের করেন নিহত জেলা পরিষদের সদস্য এবং নয়লাভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালামের স্ত্রী ফেরদৌসী বেগম।