প্রাণীর প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধ, সদয় আচরণ ও দায়িত্বশীল প্রতিপালনের মাধ্যমে প্রাণিকল্যাণ নিশ্চিতে প্রয়োজনীয় বিধান রেখে গত রবিবার সংসদে ‘প্রাণিকল্যাণ বিল, ২০১৯’ পাশ হয়েছে।
পাশকৃত বিলের বিধান অনুযায়ী কুকুরকে শরীরচর্চার জন্য কোনো প্রকার চলাফেরার সুযোগ না দিয়ে একটানা ২৪ ঘণ্টা বা ততোধিক সময় বেঁধে রাখলে বা আটকে রাখলে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে। এছাড়া শারীরিকভাবে অনুপযুক্ত কোনো প্রাণীকে পরিবহনকাজে বাহক হিসেবে ব্যবহার করা যাবে না। অপরাধ সংঘটিত হলে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড বা অনধিক ৫০ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে বিলটিতে।
মত্স্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু বিলটি পাশের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাশ হয়। পাশ হওয়া বিলে প্রতিটি প্রাণীর মালিক বা তত্ত্বাবধানকারীর দায়িত্ব, ওই প্রাণীর প্রতি কল্যাণকর ও মানবিক আচরণ করা এবং নিষ্ঠুর আচরণ থেকে বিরত থাকতে সুনির্দিষ্ট বিধান রাখা হয়েছে।
ভেটেরিনারি কাউন্সিল বিল পাশ
এদিকে, ১৯৮২ সালের ‘বাংলাদেশ ভেটেরিনারি প্র্যাকটিশনারস অর্ডিন্যান্স’ বাতিল করে নতুন আইন করতে গতকাল ‘বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল বিল, ২০১৯’ সংসদে পাশ হয়েছে। মত্স্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু বিলটি পাশের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাশ হয়।