বরগুনার তালতলী উপজেলায় ক্লাস চলাকালে ছাদের বিম ভেঙে ফ্যান ছিঁড়ে পড়ার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন এক শিক্ষক। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছে ওই শ্রেণিতে থাকা অর্ধ শতাধিক শিশু শিক্ষার্থী। আহত শিক্ষককে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুলাই) সকাল সাড়ে ৯টায় তালতলী উপজেলার বগীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
জানা গেছে, পিইডিপি-২ প্রকল্পের অধীনে ২০০৬ সালে তালতলী উপজেলার বগীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতল ভবন নির্মাণ করা হয়। মঙ্গলবার সকালে ক্লাস চলাকালীন ভবনের বিম ভেঙে ফ্যান ছিঁড়ে নিচে পড়ে যায়। এ সময় শিক্ষক আবু বকর সিদ্দিক আহত হন। আহত শিক্ষককে অন্য শিক্ষকেরা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
আহত সহকারী শিক্ষক আবু বকর সিদ্দিক বলেন, ক্লাসে পাঠদান করছিলাম, হঠাৎ বিম ধসে ফ্যান ছিঁড়ে আমার মাথায় পড়ে। এতে আমি বেশ জখম হয়েছে। অল্পের জন্য শিশু শিক্ষার্থীরা রক্ষা পেয়েছে।
বিদ্যালয়ের অভিভাবক নজরুল ইসলাম বিশ্বাস ও কামরুল ইসলাম বলেন, নির্মাণের ১৮ বছরের মাথায় ভবনের বিম ভেঙে শিক্ষক আহতের ঘটনায় আমরা হতাশ। দ্রুত এ ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হক বলেন, আহত শিক্ষককে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছি। এতে শিক্ষার্থী ও অভিভাবকেরা আতঙ্কিত। এ ঘটনায় শিক্ষার্থীদের শ্রেণি কক্ষে ফেরাতে কষ্ট হবে।