রোডস-ওয়ালশ যোশিকে রাখছে না বিসিবি

বিশ্বকাপ চলাকালীনই এমন আভাস পাওয়া যাচ্ছিল। অবশেষে গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানাল, জাতীয় দলের প্রধান কোচসহ কয়েকজন কোচের সঙ্গে তারা আর চুক্তি বলবত্ রাখছেন না। ফলে বিশ্বকাপের পর থেকেই আর দায়িত্বে নেই প্রধান কোচ স্টিভ রোডস, বোলিং কোচ কোর্টনি ওয়ালশ, স্পিন কোচ সুনীল যোশি এবং ফিল্ডিং কোচ রায়ান কুক। গতকাল এই খবর নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

জালাল ইউনুস জানিয়েছেন, বিশ্বকাপ শেষে ইংল্যান্ডে থাকা বোর্ড কর্মকর্তারা নিজেদের মধ্যে ও খেলোয়াড়দের সঙ্গে মিটিং করেছেন। সেখানে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী এই কোচদের সঙ্গে আর কাজ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে প্রধান কোচ রোডসের সঙ্গে আগামী ২০২০ সাল পর্যন্ত চুক্তি ছিল। কিন্তু দুই পক্ষ সমঝোতায় এই চুক্তি আর না চালানোর সিদ্ধান্ত নিয়েছে। সেই সঙ্গে ওয়ালশ, কুক ও যোশির সঙ্গে আর চুক্তির নবায়ন করা হবে না।

এই ঘটনার ফলে এই মাসেই শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দলে কোনো কোচ রইলেন না। ফলে আপাতত বোর্ড কোনো অস্থায়ী কোচ দিয়ে এই সফরটায় কাজ চালাবে বলেই ধারণা করা হচ্ছে। তবে বোর্ডের অন্য কিছু সূত্রের খবর হলো, আবার জাতীয় দলের দায়িত্ব নিতে পারেন চান্দিকা হাথুরুসিংহে। এমনও হতে পারে যে, তিনি শ্রীলঙ্কা সফর থেকেই দায়িত্ব গ্রহণ করবেন।