সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-রংপুর সড়ক অবরোধ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল সাড়ে ১১টায় নগরীর মর্ডান মোড়ে আন্দোলনকারীরা প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে।
আন্দোলকারীরা জানায়, স্বাধীনতার ৫৩ বছরে এসেও আমরা বৈষম্যমুক্ত হতে পারিনি। কোটা আমর মানি না, মানব না। আধুনিক ও স্মার্ট রাষ্ট্র গড়ে তুলতে কোটা সংস্কারের বিকল্প নেই। আজ হাইকোর্ট রায় স্থগিত করেছেন। আমরা এতে সাধুবাদ জানাই। কিন্তু আমরা চাই সংসদে আইনের মাধ্যমে কোটার যৌক্তিক সংস্কার।
আন্দোলনে যোগ দেওয়া মুক্তিযোদ্ধার নাতি কারমাইকেল কলেজের শিক্ষার্থী তারেক ইমতিয়াজ বলেন, আমার নানা যুদ্ধ করেছেন বৈষম্যের বিরুদ্ধে। সেই দেশ স্বাধীন হওয়ার এত বছর পরও কেনো কোটা থাকবে?
এ সময় আন্দোলকারীদের ‘কোটা না মেধা-মেধা মেধা’, ‘আপোস না সংগ্রাম-সংগ্রাম’, ‘আঠারোর পরিপত্র-পুনর্বহাল করতে হবে’, ‘কোটাপ্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’, ‘সারা বাংলায় খবর দে, কোটাপ্রথার কবর দে’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।