বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তমব্রু সীমান্তের অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবা এবং ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে ৩৪ বিজিবির সদস্যরা। আজ বুধবার সকালে ঘুমঘুম ইউনিয়নের তমব্রু সীমান্তের ইয়াহিয়া গার্ডেন এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক জব্দ করা হয়েছে। তবে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
৩৪ বিজিবির অধিনায়ক (জোন কমান্ডার) লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল মাশরুকী বলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ইয়াহিয়া গার্ডেন সংলগ্ন চিকনপাতার গাছ বাগান এলাকায় মিয়ানমার থেকে পাচার হয়ে আসা মাদকের বড় একটি চালান মজুদের খবরে আজ সকালে সেখানে অভিযান চালায় বিজিবির একটি দল। দলটি ঘটনাস্থলে পৌঁছালে সন্দেহজনক ৩-৪ জন লোক দৌড়ে পালিয়ে যায়। বিজিবি সদস্যরা ধাওয়া করেও তাদের আটক করতে সক্ষম হয়নি।
তিনি আরও বলেন, ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পাচারকারীদের ফেলে যাওয়া ছোট একটি বস্তা উদ্ধার করা হয়। পরে বস্তাটি খুলে ১ লাখ পিস ইয়াবা এবং ১ কেজি ক্রিস্টাল মেথ পাওয়া যায়।