গাজীপুরের টঙ্গীতে শুভ আহম্মেদ (১৫) নামে এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার রাত ২টার দিকে বিসিক ফকির মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে গাজীপুর মর্গে প্রেরণ করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। নিহত শুভ টঙ্গীর ফকির মার্কেট কারখানার শ্রমিক রাজু মিয়ার ছেলে। ফকির মার্কেট রিয়াজউদ্দিনের বাড়িতে ভাড়া থাকে তাদের পরিবার। ঐ এলাকার ফিউচারম্যান স্কুলের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল শুভ।
এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, টাঙ্গাইলের গোপালপুর এলাকার বাসিন্দা রাজু মিয়া ও তার স্ত্রী সুমি আক্তার দুইজনই স্থানীয় একটি পোশাক তৈরি কারখানায় কাজ করেন।
গত রবিবার রাত সাড়ে ৯টার দিকে চুল কাটার জন্য সেলুনের কথা বলে শুভ তার পিতার কাছ থেকে টাকা নিয়ে বাসা থেকে বের হয়ে যায়। সেলুনে চুল কাটার পর ৫-৬ জন কিশোর তাকে ডেকে নিয়ে যায়। পরে বিসিকের একটি নির্জন রাস্তায় নিয়ে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যা করে লাশ ফেলে রেখে পালিয়ে যায়। মাঝ রাত হয়ে গেলেও সে বাড়িতে না ফেরায় তার পরিবারের লোকজন শুভর মুঠোফোনে ফোন দিয়ে বন্ধ পায়। পরে তাকে খোঁজ করেও পাওয়া যায়নি। রাত ২টার দিকে স্থানীয় কয়েকজন লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে টঙ্গী পূর্ব থানায় নিয়ে যায়। লাশ উদ্ধারের খবর পেয়ে শুভর পরিবার থানায় গিয়ে লাশ সনাক্ত করে।
নিহত স্কুল ছাত্র শুভর বোন জামাই এনামুল ইসলাম মুঠোফোনে জানান, তার শ্যালককে হত্যার সঙ্গে তার বন্ধুরাই জড়িত। তাদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হলেই প্রকৃত ঘটনা জানা যাবে।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থানায় মামলার প্রস্তুতি চলছে।