হত্যা মামলার আসামি পালিয়েছে পিরোজপুরের আদালত থেকে

পিরোজপুর জেলা জজকোর্ট চত্বর থেকে সোমবার আমানুল্লাহ (১৮) নামে কারাবন্দী এক হত্যা মামলার আসামি পুলিশের হেফাজত থেকে পালিয়ে গেছে। জেলার কাউখালী উপজেলার নাঙ্গুলী গ্রামের মো. ইউনুসের ছেলে আমানুল্লাহকে পুলিশ গত সেপ্টেম্বর মাসে গ্রেফতার করেছিল। সে মফিজুল্লাহ মাহফুজ নামে এক ব্যাংক কর্মচারীকে হত্যার অভিযোগে অভিযুক্ত।

গত ২৬ আগস্ট নাঙ্গুলী গ্রামে এক মারামারিতে গুরুতর আহত হওয়ার পর বরিশাল হাসপাতালে নেওয়ার পথে মাহফুজ মারা যায়। এরপর ইউনুসকে প্রধান আসামি ও তার ছেলে আমানুুল্লাহসহ ১০ জনকে আসামি করে থানায় হত্যা মামলা হয়। আমানুল্লাহ গ্রেফতারের পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছিলো। 

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে এ মামলার অন্য আসামির সঙ্গে তাকে জেলা কারাগার থেকে হাজিরার জন্য আনা হচ্ছিল। প্রিজনভ্যান থেকে নামিয়ে আদালতে উপস্থিত করার সময় হাতকড়া থেকে হাত গলিয়ে আমানুল্লাহ পালিয়ে যায়। 

পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির এ খবর নিশ্চিত করে জানান, পলাতক আমানুল্লাহকে গ্রেফতার করার জন্য বিভিন্ন জায়গায় পুলিশের নজরদারী জোরদার করা হয়েছে। তার গ্রামসহ পিরোজপুর জেলা ও পার্শ্ববর্তী এলাকায় তল্লাশী চলছে। যে কোন সময় পলাতক আসামি ধরা পড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। 

ইত্তেফাক/নূহু