টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন 'ঐক্য-বন্ধন'-এর সচেতনমূলক কার্যক্রমের আওতায় কোমলমতি শিক্ষার্থীদের থেকে প্লাস্টিকের বর্জ্য নিয়ে উপহার দেওয়া হচ্ছে চারা গাছ। যশোরের বিভিন্ন উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ ও ঔষধিসহ নানা প্রজাতির গাছ বিতরণ করেছে সংগঠনটির সদস্যরা।
সংগঠনের সদস্যরা জানান, বাজারের নানা পণ্য ব্যবহারের ফলে আমাদের বসতবাড়ির আশপাশে প্লাস্টিকের বোতল ও ভাঙা অংশ জমে পরিবেশ নষ্ট হচ্ছে। আমরা চেয়েছি শিশুরা বাড়ির আশপাশ থেকে এসব বর্জ্য কুড়িয়ে এনে তার বিনিময়ে একটি করে গাছ নিয়ে যাক। স্থানীয় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে আম, জাম, কাঁঠাল, পেয়ারা, হরিতকী, নিম, মেহগনি, আকাশমণি ও বিভিন্ন রকমের ফুলের চারাসহ মোট ৩০০টি চারা দিয়েছি। ধীরে ধীরে জেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে এই কার্যক্রম চালানো হবে।
সংগঠনের পরিচালক মাহমুদুল হাসান বলেন, বর্তমানে দেশের তাপমাত্রা ক্রমে বৃদ্ধি পাচ্ছে। জনজীবন ও জীববৈচিত্র হুমকির সম্মুখীন হচ্ছে। নানা অজুহাতে নির্বিচারে গাছপালা কেটে ফেলায় বাড়ছে তাপমাত্রা। আমরা শিক্ষার্থীদের বলে দিয়েছিলাম বাড়িতে বা আশপাশে জমে থাকা প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট নিয়ে আসার জন্য। শিক্ষার্থীরা বস্তায় করে প্লাস্টিকের বর্জ্য নিয়ে আসছে। তার বিনিময়ে গাছ নিয়ে যাচ্ছে।
তৃতীয় শ্রেনীর শিক্ষার্থী রাব্বি হোসেন বলেন, আমরা বইয়ে পড়েছি বৃক্ষরোপণের কথা। এখন নিজ হাতে গাছ লাগাবো। গাছের পরিচর্যা করব।
রোহিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবতি রায় বলেন, এ ধরণের ব্যতিক্রমী উদ্যোগ চলমান থাকুক। পরিবেশ ও প্রকৃতি রক্ষায় আমাদের সবার দায় রয়েছে।