কোটা সংস্কার ও মামলা প্রত্যাহারের দাবি

গণপদযাত্রা ও রাষ্ট্রপতি বরাবর পবিপ্রবি শিক্ষার্থীদের স্মারকলিপি 

কোটা বৈষম্য নিরসন করে সংসদে আইন পাস ও ২৪ ঘণ্টার মধ্যে মামলা প্রত্যাহারের দাবিতে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় অভিমুখে গণপদযাত্রা ও স্মারকলিপি দিয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষার্থীরা।

রোববার  (১৪ জুলাই) দুপুরের দিকে রাষ্ট্রপতির বরাবর লিখিত স্মারকলিপিটি পটুয়াখালী জেলা প্রশাসক (অতিরিক্ত) যাদব সরকার এর কাছে দেওয়া হয়।

এর আগে সকাল ১০টায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় অভিমুখে গণপদযাত্রা শুরু করেন শিক্ষার্থীরা। পদযাত্রা শেষে দুপুর ১২টায় স্মারকলিপিটি দেওয়া হয়। এ সময় বৈষম্যমূলক কোটা পদ্ধতি সংস্কার, দ্রুত সংসদে আইন পাস ও মামলা প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

স্মারকলিপি দেওয়া শেষে পবিপ্রবি শিক্ষার্থী সৈয়দ ইমাম হোসেন স্বাধীন বলেন, ‘রাষ্ট্রপতির কাছে আমাদের অনুরোধ থাকবে দ্রুত সংসদের অধিবেশন আহ্বান করে এই কোটা বৈষম্য নিরসন করেন। সাধারণ শিক্ষার্থীদের ওপর যে হামলা হচ্ছে তা বন্ধ এবং ২৪ ঘণ্টার মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহার করেন।’

এছাড়া অন্য শিক্ষার্থীরা বলেন, সাধারণ শিক্ষার্থীদের কথা মাথায় রেখে সঠিকভাবে কোটা সংস্কার ও মামলা প্রত্যাহার করলেই সারা দেশের ছাত্র সমাজ পড়ার টেবিলে ফিরে যাবে বলে জানান তারা।