ময়নাতদন্ত প্রতিবেদন পড়ার উপযোগী করে লেখার নির্দেশ

লাশের ময়নাতদন্ত প্রতিবেদন স্পষ্ট করে (পড়ার উপযোগী) লিখতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে প্রতিবেদন তৈরিকারক চিকিত্সকের নাম ও পদবিও স্পষ্ট করে লিখতে বলা হয়েছে। এই আদেশ কার্যকরে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আইন ও স্বাস্থ্য সচিবকে বলা হয়েছে। বিচারপতি এএনএম বশির উল্লাহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল সোমবার এই আদেশ দেন।

যশোরের ঝিকরগাছার বামনখালী গ্রামের ৫ বছরের এক শিশু কন্যাকে ২০০৩ সালের পহেলা জুলাই ধর্ষণ শেষে হত্যা করা হয়। যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২০০৭ সালের ১১ ফেব্রুয়ারি আবদুল কাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। এর বিরুদ্ধে আপিল করে আসামি। আপিল শুনানিকালে  এই মামলার ময়নাতদন্ত প্রতিবেদন অস্পষ্ট  দেখতে পায় হাইকোর্ট। এরপরই রায়ে উপরোক্ত নির্দেশনা দেওয়া হয়। একইসঙ্গে আসামি আবদুল কাদেরের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখে আদালত।