এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ১৭ জুলাই, বুধবার প্রকাশ করা হবে। গতকাল সোমবার আন্তঃশিক্ষা বোর্ড থেকে এ বিষয়ে নিশ্চিত করা হয়েছে।
আন্তঃশিক্ষা বোর্ডের আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল সাংবাদিকদের বলেন, ১৭ জুলাই চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
রেওয়াজ অনুযায়ী, ঐদিন সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে বোর্ড চেয়ারম্যানদের পক্ষ থেকে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের অনুলিপি তুলে দেওয়া হবে। পরে শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে ফলের বিস্তারিত তথ্য জানাবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এরপর ঐদিন দুপুর ১টার পর শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবে।
এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ১ এপ্রিল। আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে এবারে মোট পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ জন। এরমধ্যে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে শুধু এইচএসসি পরীক্ষার্থী ছিল ১১ লাখ ৩৮ হাজার ৭৪৭ জন।