বান কি মুন আসছেন আজ

জাতিসংঘের সাবেক মহাসচিব ও জলবায়ু বিষয়ক গ্লোবাল কমিশন অন অ্যাডাপটেশনের (জিসিএ) সভাপতি বান কি মুন আজ মঙ্গলবার তিন দিনের সফরে ঢাকা আসছেন। বুধবার থেকে ঢাকায় শুরু হওয়া জিসিএ-র বৈঠকে যোগ দেবেন তিনি। এই বৈঠকে যোগ দিতে আরো আসছেন মার্শাল দীপপুঞ্জের প্রেসিডেন্ট ড. হিলদা হেইন, বিশ্ব ব্যাংকের সিইও ক্রিস্টালিনা জর্জিওভা, জিসিএর কমিশনারগণ, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি ও জলবায়ু বিশেষজ্ঞগণ।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন গতকাল সোমবার এক প্রেস ব্রিফিং-এ জিসিএ বৈঠক সম্পর্কে অবহিত করেন। এ সময়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী মো. শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রীর দপ্তরের মুখ্য সমন্বয়ক (এসডিজি) আবদুল কালাম আজাদসহ পররাষ্ট্র ও পরিবেশ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।