শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, জুন মাসে স্পেনের সিগমলা এবং যুক্তরাষ্ট্রের স্কোপাস জরিপে আন্তর্জাতিক র্যাংকিংয়ে স্থান করে নিয়েছে বাংলাদেশের ১৫টি বিশ্ববিদ্যালয়। এর মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয় শীর্ষে। গতকাল সোমবার সংসদে কার্যপ্রণালি বিধির ৭১বিধিতে উত্থাপিত একটি নোটিশের জবাবে তিনি একথা বলেন। সরকারি দলের সংসদ সদস্য নূর মোহাম্মদ শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে শিক্ষার মান নিশ্চিতকরণে জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশটি উত্থাপন করেন।
নোটিশের ওপর দেওয়া বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্কের আওতায় বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল দেশের সকল বিশ্ববিদ্যালয়ের প্রণীত মান অর্জনের বিষয়ে অব্যাহত পরিবীক্ষণ ব্যবস্থা গ্রহণ করবে। ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক শিগগিরই চূড়ান্ত করা হচ্ছে।