শাবানা আজমি টুকরে টুকরে গ্যাং এর নেত্রী

ভারতের খ্যাতিমান অভিনেত্রী ও লোকসভার এমপি শাবানা আজমিকে ‘টুকরে টুকরে গ্যাং’ এর নেত্রী বলে উল্লেখ করেছেন বিজেপির প্রবীণ নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ। রবিবার ইন্দওরের একটি অনুষ্ঠানে শাবানা বলেন, কেন্দ্রীয় সরকারের সমালোচনা করলেই আজকাল ‘দেশদ্রোহী’ বলে আখ্যা দেওয়া হয়। কিন্তু ভুলগুলো দেখিয়ে না দিলে তা সংশোধন হবে কিভাবে? তাঁর এই মন্তব্যেই ক্ষুব্ধ হয়েছেন গিরিরাজ। রবিবার রাতে শাবানার ওই বক্তৃতার একটি ভিডিও নিজের টুইটার হ্যান্ডলে পোস্ট করে লেখেন, ‘টুকরে টুকরে গ্যাং’ এবং পুরস্কার ফেরানো গ্যাং এর নতুন নেত্রী শাবানা আজমি। বরাবরই বিতর্কিত মন্তব্যের জন্য পরিচিত গিরিরাজ। সোশ্যাল মিডিয়ায় সংখ্যালঘু সম্প্রদায়কেও প্রায়ই নিশানা করেন তিনি। তবে যে টুকরে টুকরে গ্যাং এর নেত্রী বলে শাবানা আজমিকে আক্রমণ করেছেন তিনি, বিরোধীদের কটাক্ষ করতে বিজেপির শীর্ষ নেতৃত্বকেও তা একাধিকবার ব্যবহার করতে শোনা গেছে। -আনন্দবাজার পত্রিকা