ক্র্যাবের সাবেক সভাপতি লাবলু আর নেই

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সভাপতি ও ভোরের কাগজের চিফ রিপোর্টার সৈয়দ আখতারুজ্জামান সিদ্দিকী লাবলু আর নেই (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি লিভার ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ঢাকা ও ভারতে চিকিত্সাধীন ছিলেন। সর্বশেষ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গতকাল সোমবার রাত ৯টা ৫০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।  তার বয়স হয়েছিল ৫২ বছর।

লাবলুর পারিবারিক সূত্রে জানা গেছে, এর আগে রবিবার দুপুরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শনিবার তাকে কেবিন থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়। রবিবার দুপুরে তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়।

ক্র্যাবের সাধারণ সম্পাদক দীপু সারোয়ার জানান, লাবলুর মরদেহ রাতে বিএসএমএমইউ হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে তার মরদেহ ভোরের কাগজ অফিসে (তার কর্মস্থল) নেওয়া হবে। সেখানে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর দুপুর ১২টায় সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যালয়ের সামনে দ্বিতীয় জানাজা এবং দুপুর দেড়টায় (বাদ জোহর) জাতীয় প্রেসক্লাবে তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। সেখান থেকে তাকে দাফনের জন্য আজিমপুর কবরস্থানে নিয়ে যাওয়া হবে। সেখানেই চিরনিদ্রায় শায়িত হবেন লাবলু।  

ভোরের কাগজের চিফ রিপোর্টার লাবলু টানা ছয়বার (২০০৯, ২০১০, ২০১২, ২০১৩, ২০১৪ ও ২০১৬ সাল) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি সংগঠনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।