নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিভিন্ন কবরস্থান থেকে কঙ্কাল চুরির হিড়িক পড়েছে। গত ১ মাসে বিভিন্ন কবরস্থান থেকে অন্তত ৩২টি কঙ্কাল চুরি হয়েছে। ঘন ঘন কঙ্কাল চুরির ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।
জানা গেছে, গত ১ জুন উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ঈদবারদী গোরস্থানের ১৪টি কবর খুঁড়ে ১৪টি কঙ্কাল চুরির ঘটনা ঘটে। গত ১ জুলাই দুপ্তারা ইউনিয়নের পাঁচগাঁও মেল্লাপাড়া কবরস্থান থেকে চুরি হয় ১২টি লাশের কঙ্কাল। ২ জুলাই ফতেহপুর ইউনিয়নের বগাদী ষোলগ্রাম কবরস্থান থেকে চুরি হয় ছয়টি কঙ্কাল।
গোপালদী পৌর কাউন্সিলর আলী আজগর জানান, জালাকান্দী কবরস্থানে অন্তত ৫০/৬০টি কবর খোঁড়া অবস্থায় দেখে আমরা কবরগুলো মাটি দিয়ে ভরাট করে দিয়েছি।
এদিকে উপজেলার বিভিন্ন কবরস্থান থেকে এত কঙ্কাল চুরির ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। সবার মনে ভয়, কখন জানি তাদের স্বজনের লাশ চুরি হয়। অনেক কবরস্থান স্থানীয় লোকেরা পাহারা দিচ্ছে।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, ঘটনাগুলো অত্যন্ত দুঃখজনক। কঙ্কাল চুরির বিষয়টি তদন্তের দায়িত্ব এসআই হুমায়ুনকে দেওয়া হয়েছে। তাছাড়া পুলিশ সদস্যদের কবরস্থানগুলোতে নজরদারি বাড়ানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এসব ঘটনায় কারা জড়িত আমরা খুঁজে বের করার চেষ্টা করছি।
পানিতে পড়ে শিশুর মৃত্যু
আড়াইহাজারে পানিতে পড়ে উবায়দুল হক (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার উপজেলার বিশনন্দী ইউনিয়নের চৈতনকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। শিশু উবায়দুল ঐ গ্রামের আবু তাহেরের ছেলে।