গাজীপুরে ‘ছাদ বাগানে সবজি উত্পাদন’ শীর্ষক প্রশিক্ষণ

গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বারি) ‘ছাদ বাগানে সবজি উত্পাদন’ শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে প্রতিষ্ঠানে সবজি বিভাগের সম্মেলন কক্ষে উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের সবজি বিভাগের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উদ্যানতাত্ত্বিক ফসলের গবেষণা জোরদারকরণ এবং চর এলাকায় উদ্যান ও মাঠ ফসলের প্রযুক্তি বিস্তার প্রকল্প এ প্রশিক্ষণে অর্থায়ন করেন। এ প্রশিক্ষণে ছাদ বাগানে আগ্রহী ঢাকা ও গাজীপুর অঞ্চলের ৪০ জন বাড়ির মালিক অংশগ্রহণ করেন। 

উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের পরিচালক ড. আবেদা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. আবুল কালাম আযাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) জেবুন নেছা।

স্বাগত বক্তব্য রাখেন সবজি বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ফেরদৌসী ইসলাম। এছাড়াও, অনুষ্ঠান উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রসহ অন্যান্য বিভাগের ঊর্ধ্বতন বিজ্ঞানীবৃন্দ অংশগ্রহণ করেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইনস্টিটিউটের মহাপরিচালক ড. আবুল কালাম আযাদ বলেন, বাংলাদেশে কৃষি জমি কমছে, কিন্তু বসতবাড়ি বাড়ছে। ফলে শহর ও উপশহর অঞ্চলে ছাদ বাগানকে সম্প্রসারিত করার সুযোগ রয়েছে। এটা যেমন পারিবারিক পুষ্টির চাহিদা মেটাবে, তেমনি নিরাপদ সবজি উত্পাদনে অন্যতম উত্স হতে পারে। আবার যারা অবসরে আছেন তাদের জন্য সুন্দর একটি সময় কাটানোর অন্যতম উত্স হতে পারে ছাদ বাগান। আমি আশা করি, আজকের এই প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা ছাদ বাগান তৈরির ব্যাপারে সম্যক ধারণা লাভ করবে।

কৃষক প্রশিক্ষণে অংশগ্রহণকারীগণ ছাদ বাগান পরিকল্পনায় বিবেচ্য বিষয়, ছাদ        বাগানে সবজি চাষের মডেল ও কনটেইনার নির্বাচন, চারা উত্পাদন, ছাদ বাগানের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি নির্বাচন, সারা বছর বিভিন্ন ধরনের সবজির উত্পাদন, সরবরাহ নিশ্চিত করার জন্য ফসল পঞ্জিকা ও ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা লাভ করেন।