যাত্রাবাড়ীতে মিষ্টির দোকানে খুন

চাপাতি দিয়ে আমজাদকে ২৫ কোপ দেয় ডিপজল

রাজধানীর যাত্রাবাড়ীতে আলী আমজাদ খানকে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন একমাত্র আসামি আবদুর রহমান ডিপজল (২০)। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত শনিবার তার জবানবন্দি রেকর্ড শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ডিপজল জবানবন্দিতে বলেন, হত্যার সময় চাপাতি দিয়ে আমজাদকে ২৫টি কোপ দেন তিনি। মৃত্যু নিশ্চিত হওয়ার পর তিনি পালিয়ে যান।

গত ২ জুলাই বিকেলে যাত্রাবাড়ীর কাজলায় সেন্টু ঘোষ নামের একটি মিষ্টির দোকানের ভেতর থেকে আলী আমজাদ খানের (৪০) লাশ উদ্ধার করা হয়। আমজাদের ছোটো ভাই আবদুল আওয়াল যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন। আবদুল আওয়াল সাংবাদিকদের বলেন, তার ভাই আমজাদ যাত্রাবাড়ীর কাজলায় সেন্টু ঘোষ নামের মিষ্টি দোকানে চাকরি করতেন। আট থেকে নয় বছর ধরে ওই দোকানে তিনি চাকরি করে আসছিলেন। গত ৩ জুলাই বিকেলে জানতে পারেন, তার ভাই খুন হয়েছেন। পুলিশের তথ্য অনুযায়ী, নিহত আলী আমজাদ সারাদিন কাজ শেষে রাতে মিষ্টির দোকানেই থাকতেন। দুই মেয়ে আর এক ছেলেকে নিয়ে তার স্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় বসবাস করতেন। আমজাদ খুন হওয়ার চার দিন আগে ওই দোকানে আবদুর রহমান ডিপজল চাকরি নেন। তিনিও কাজ শেষে রাতে আমজাদের সঙ্গে দোকানে ঘুমাতেন।