সিলেটে কারফিউ শিথিল

১২ মামলায় ১৬ হাজার আসামি, আতঙ্কে বিএনপি-জামায়াত নেতা-কর্মীরা

কোটা সংস্কার আন্দোলন নিয়ে সহিংসতার পর বুধবার (২৪ জুলাই) সিলেটে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত কারফিউ শিথিল করা হলে লোকজন হুমড়ি খেয়ে রাস্তায় নেমে আসেন। তারা গত এক সপ্তাহ যাবৎ ঘরবন্দি থেকে যেন অসহনীয় হয়ে পড়েছিলে। তাছাড়া নিত্য প্রয়োজনীয় জিনিসের সংকট দেখা দেয়। নাগরিকরা  প্রয়োজন মেটাতে ঘর থেকে বের হন। ব্যাংকগুলোতে ছিল অসম্ভব ভিড়। ‘বুথ’ থেকেও কেউ কেউ টাকা তুলতে পেরেছেন।

এছাড়া ঘর থেকে বের হয়ে আসা মানুষের চোখেমুখে ছিল উদ্বেগ উৎকণ্ঠা ও নানা প্রশ্ন। তবে সবাই স্বাভাবিক জীবন ও স্বস্থি চেয়ে বলেন, মানুষ এমনিতেই দিন আনতে পান্থা ফুরায় এর মধ্যে অগ্নিসংযোগ, গুলি, ভাঙচুর। এসব তারা চান না।  ব্যবসায়ীরা বলেন, চার দফা বন্যায় সিলেটের ব্যবসা বাণিজ্যে এমনিতেই ধস। এর মধ্যে গোলযোগ এ যেন ‘মরার ওপর খাড়ার ঘা’।

১২ মামলায় ১৬ হাজার আসামি, সাংবাদিক তুরাব হত্যায় মামলা করেছে পুলিশ:

এদিকে সারাদেশে চলমান চিরুনি অভিযান নিয়ে সিলেট অঞ্চলের বিএনপি ও জামায়াত নেতা-কর্মীদের মধ্য বিরাজ করছে আতঙ্ক। তাদের অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা চলে গেছেন আত্মগোপনে। সিলেট বিভাগের বিভিন্ন থানায় এ দুটি দলের শীর্ষ নেতা ও কর্মীদের নামে মামলা করেছে পুলিশ। এরই মধ্যে গ্রেপ্তার করা জামায়াতের দুই শীর্ষ নেতাকে সহিংসতার মামলায় আসামি করা হয়েছে। হবিগঞ্জ ও সুনামগঞ্জ দায়ের করা মামলায় বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠিনিক সম্পাদক জি কে গৌছ ও সহ- সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলনকে আসামি করা হয়েছে।

কোটা আন্দোলন চলাকালে। ছবি: সংগৃহীত

সূত্র জানায়, সিলেট মেট্ৰোপলিটন ও  জেলায় করা ১২ মামলায় ২৪১ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে এবং অজ্ঞাতনামা প্রায় ১৬ হাজার। শুক্রবার (১৯ জুলাই) সিলেট নগরের কোর্ট পয়েন্টে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এ টি এম তুরাব হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের পক্ষ থেকে কোতোয়ালী থানায় একটি পৃথক মামলা করা হয়। এদিকে, শাহজালাল বিশ্ববিদ্যালয় গেট থেকে আটক ৩৮ জনকে একটি বিস্ফোরক মামলায় শ্যোন এরেস্ট দেখিয়ে বুধবার (২৪ জুলাই) আদলতে হাজির করা হয়।  গেল শুক্রবার (১৯ জুলাই) শাবিতে পুলিশ ও কোটা বিরোধী আন্দোলনকারীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। ওই সহিংসতার ঘটনায় ২০ জুলাই অজ্ঞাতনামা আড়াই হাজার থেকে ৩ হাজার লোককে আসামি করে জালালাবাদ থানায় মামলা করে পুলিশ। আটক ৩৮ জন কারাগারে আছেন । তাদের বেশিরভাগ শাহজালাল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী।

এদিকে, জালালাবাদ থানায় এ পর্যন্ত মোট ৪টি মামলা করেছে পুলিশ । এর মধ্যে শাবির গেটে সহিংসতার ঘটনায় ২০ জুলাই বিশেষ ক্ষমতা আইনে ও বিস্ফোরক আইনে মামলা করা হয়। এছাড়া পাঠানটুলা পুলিশ বক্স পুড়ানোর ঘটনায় ২৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা দুই হাজার ব্যক্তিকে আসামি করে আরেকটি মামলা করা হয়। জালালাবাদ থানা ঘেরাও এর ঘটনায় ২২ জনের নাম উল্লেখ করে আরোও একটি মামলা করা হয়। এই তিনটি মামলা শনিবার পুলিশ করেছে। সর্বশেষ গত সোমবার (২২ জুলাই) রাতে কুমার গাও বিদ্যুৎ অফিস হামলার ঘটনায় ১০ থেকে ১৫ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে বিদ্যুৎ বিভাগ।

এদিকে সাংবাদিক তুরাব হত্যার ঘটনায় পুলিশ  বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলা করেছে ১৯ জুলাই। এ মামলায় এজাহার নামীয় ৩৯ জন ও অজ্ঞাতনামা দুই থেকে আড়াই হাজার।
 
১০৪ জন গ্রেপ্তার:

পুলিশ জানায়, সিলেট মহানগরের ৩ থানায় নাশকতার ১০ মামলায় মঙ্গলবার (২৩ জুলাই) পর্যন্ত ১০৪ জনকে গ্রেপ্তার করা হয়। মহানগর উপ পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ জানান, দুষ্কৃতিকারীদের ধরতে পুলিশের সাঁড়াশি অভিযান চলছে।

সুনামগঞ্জে চার মামলায় আসামি আড়াই শতাধিক, হবিগঞ্জে ৫ মামলায় সহাস্রাধিক আসামি করা হয়েছে। তাদের মধ্যে সাবেক এমপি ও সুনামগঞ্জ জেলা সভাপতি কলিম উদ্দিন মিলন ও বিএনপি নেতা জি কে গৌছ রয়েছেন।