প্যারিস অলিম্পিক

ড্রোন চালিয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দুইজনকে দেশে পাঠালো কানাডা 

ড্রোন চালিয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে কানাডা নারী ফুটবল দলের দুই সদস্যকে প্যারিস অলিম্পিক থেকে দেশে ফেরত পাঠানো হয়েছে। তারা হলেন সহকারী কোচ জেসমিন মান্ডার ও বিশ্লেষক জোয়ে লোমবার্ডি।

গত সোমবার (২১ জুলাই) ড্রোন চালিয়ে নিউজিল্যান্ডের অনুশীলন রেকর্ড করার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। কানাডিয়ান ফুটবলের বিরুদ্ধে আন্তর্জাতিক অলিম্পিক কমিটিতে (আইওসি) আনুষ্ঠানিক অভিযোগও করেছিল নিউজিল্যান্ড।

৪৩ বছর বয়সী বিশ্লেষক জোয়ে লোমবার্ডিকে ৮ মাসের স্থগিত কারাবাসের শাস্তিও দিয়েছেন আদালত। আদালতের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আদালতে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বীকার করে নিয়েছেন লোমবার্ডি। 

কানাডিয়ান অলিম্পিক কমিটির (সিওসি) পক্ষ থেকে বলা হয়েছে, ‘সিওসি ফিফা ও আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সঙ্গে যোগাযোগ রাখছে। কানাডার ফুটবল পুরো প্রক্রিয়ায় স্বচ্ছ থেকে সহযোগিতা করছে। পুরো বিষয়টি সিওসি পর্যবেক্ষণ করবে, প্রয়োজনে যথাযথ পদক্ষেপ নেবে।’

এর আগে এ ঘটনায় ক্ষমাও চেয়েছিল সিওসি জানিয়েছিল, ‘কানাডিয়ান অলিম্পিক কমিটি ন্যায্য খেলার পক্ষে এবং আমরাও বিস্মিত ও হতাশ। নিউজিল্যান্ড ফুটবল, খেলোয়াড়েরা ও নিউজিল্যান্ড অলিম্পিক কমিটির কাছে আমরা ক্ষমা প্রার্থনা করছি।’