দুই ঘণ্টা পর গোল বাতিল, অবিশ্বাস্য হার আর্জেন্টিনার 

বিতর্কিত হার দিয়ে অলিম্পিক মিশন শুরু করলো আর্জেন্টিনা। চরম বিশৃঙ্খল এক ম্যাচ দেখেছে ফুটবলবিশ্ব। বুধবার (২৪ জুলাই) আর্জেন্টিনা-মরক্কো ম্যাচে যোগ করা সময় দেওয়া হয়েছিল ১৫ মিনিট। ২-১ গোলে পিছিয়ে থাকা আর্জেন্টিনা সমতাসূচক গোল দেখা পায় যোগ করা সময়ের ১৬ মিনিটে।

এরপরই ঘটে অনাকাক্ষিত ঘটনা। কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, যোগ করা সময়ের সীমানা পেরিয়ে যাওয়ার পর আর্জেন্টিনা গোল পাওয়ায় মেজাজ ধরে রাখতে পারেননি মরক্কোর কিছু সমর্থক। মাঠে ঢুকে পড়েন তারা। এতে স্থগিত হয় খেলা।

প্রায় দুই ঘণ্টা পর শুরু হয় খেলা। ভিএআরের মাধ্যমে অফসাইডের জন্য আর্জেন্টিনার সমতাসূচক গোলটি বাতিল করা হয়। ম্যাচ পুনরায় শুরুর পর খেলা হয়েছে প্রায় ৩ মিনিট ১৫ সেকেন্ড। কিন্তু এ সময়ে আর ম্যাচে ফিরতে পারেনি আর্জেন্টিনা। শেষ পর্যন্ত ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে আলবিসেলেস্তেরা। 

এর আগে সোফিয়ানে রাহিমির জোড়া গোলে লিড পায় মরক্কো। ম্যাচের ৬৮ মিনিটে গুইলিয়ানো সিমিওনের গোলে ব্যবধান কমায় আর্জেন্টিনা। তবে শেষ পর্যন্ত বিতর্কিত সিদ্ধান্তে হার নিয়ে মাঠ ছাড়তে হয় হাভিয়ের মাশ্চেরানোর শিষ্যদের।