ব্রাহ্মণবাড়িয়ায় মাদকের টাকার জন্য স্ত্রীকে খুন, স্বামী পলাতক

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকের টাকার জন্য স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে এক স্বামীর বিরুদ্ধে। শুক্রবার (২৬ জুলাই) সকালে পৌর এলাকার পুনিয়াউটে এ ঘটনা ঘটে। সকালে একটি ভাড়া বাসার বাথরুম থেকে লাশ উদ্ধার করেছে  পুলিশ। ঘটনার পর ঘাতক স্বামী ফারুক (৩৪)পালিয়ে গেছেন।

নিহত তানিয়া (৩৬) নাসিরনগরের চাতলপাড় ইউনিয়নের কাঠালকান্দি গ্রামের রফিকুল ইসলাম ছোটন মিয়ার মেয়ে এবং ফারুক কসবার খাড়েরা গ্রামের শাহ আলম মিয়ার ছেলে। ২০২৩ সালে তাদের বিয়ে হয়। এটি ফারুক ও তানিয়া দুজনরেই দ্বিতীয় বিয়ে। 

জানা যায়, বিয়ের পর থেকে তারা পুনিয়াউট এলাকায় ভাড়া বাসায় থাকতেন। ফারুক মাদকসেবী এবং তানিয়া গৃহপরিচারিকার কাজ করতেন। মাদকের টাকার জন্য ফারুক প্রায়ই তানিয়াকে মারধর এবং ঘরের জিনিসপত্র ভাঙচুর করতো। বৃহস্পতিবার রাতে ফারুক তানিয়াকে মারধর করে এবং ভোরে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে বাথরুমে ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ তানিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, ফারুককে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।