বলিউড অভিনেতা রণবীর কাপুর ফ্যাশনের দিক থেকে সবসময়ই বেশ সচেতন। ব্যয়বহুল পোশাক পরতেই তাকে দেখা যায়। সম্প্রতি ভারতের ধনকুবের মুকেশ আম্বানির পুত্র অনন্ত আম্বানির বিয়েতে স্ত্রী আলিয়া ভাটকে নিয়ে হাজির হন রণবীর কাপুর। এদিন কালো রঙের শেরওয়ানি সেটের সঙ্গে তার বাঁ হাতে থাকা ঘড়িতে নজড় পড়েছে সবার।
টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদন অনুযায়ী, রণবীর কাপুরের হাতঘড়ি নিয়ে চলছে তুমুল আলোচনা। কারণ ঘড়ির মূল্য অনেককেই হতবাক করেছে।
বিশ্বের শীর্ষ ঘড়ির ব্র্যান্ডের অন্যতম সুইজারল্যান্ডের পাটেক ফিলিপ ঘড়ি এটি। গ্র্যান্ড কমপ্লিকেশনের এই ঘড়ির মডেল ৫২৭১পি (প্লাটিনাম)। এর মূল্য ৭ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ৮ কোটি ২২ লাখ টাকার বেশি।
পাটেক ফিলিপের ওয়েব সাইট ভিজিট করেও রণবীরের ঘড়িটি পাওয়া যায়। সেখানে জানানো হয়ছে, ২০১১ সালে এ ঘড়ি লঞ্চ হয়। ৩০ মিটার পানির নিচেও ঘড়িটির ভেতরে পানি ঢুকতে পারবে না।
সর্বশেষ ‘অ্যানিমেল’ সিনেমায় দেখা গেছে রণবীর কাপুরকে। এতে তার বিপরীতে ছিলেন রাশমিকা মান্দানা। সন্দীপ রেড্ডি ভাঙা পরিচালিত সিনেমাটি মুক্তির পর বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল। রণবীরের পরবর্তী সিনেমা ‘রামায়ণ’। সিনেমাটির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই নায়ক।