হে চিটাগাংবাসী!
চক্ষু বুজেও দেখতে পারি তোমার মুখের হাসি।
বৃষ্টি হলে তোমার কপাল হাট করে যায় খুলে
সারা শহর পরিণত এক সুইমিংপুলে।
ইচ্ছামতো সাঁতার কাটো, করছে না কেউ মানা
আগে পরে নামাতে নেই অসন্তোষের দানা।
মনের সুখে ওয়াটারপোলো খেলছ দলে দলে
হচ্ছে নতুন বন্ধুত্ব খেলাধুলার ফলে।
দমবন্ধ বাসের ভেতর উঠছ না আর ঠেলে
কে উঠবে পথের ওপর নৌকা পাওয়া গেলে!
সাবমেরিনও খুব শীঘ্রই হচ্ছে নাকি চালু?
আমার কপাল উঁচুনিচু, তোমার কপাল ঢালু।
চিটাগাং-এ বসবাসের কী সুবিধা জানি
এই যে তোমার সকল পথে কোমর সমান পানি—
জুতা পরা বন্ধ বলে কেনার টাকা বাঁচে
জুতা ছাড়াও আমার কাছে চিকন খবর আছে—
প্যান্ট, পাজামা কেনাও নাকি বন্ধ শহরজুড়ে!
এই সুবিধা কোথায় পাবে? দেখতে পার ঘুরে।
চিটাগাং-এ টাকার কপাল ষোলো আনায় ষোলো
ট্যাক্স বসানো লোকজনেরা না জানলেই হলো—
বৃষ্টি এমন সৌভাগ্যের কেউ জানেনি আগে
চিটাগাং-এর কথা ভেবে ঈর্ষা মনে জাগে।
হে চিটাগাংবাসী!
ইচ্ছা করে বোচকা নিয়ে তোমার কাছে আসি।