কোটা সংস্কার আন্দোলন

নিরপরাধ হয়রানির শিকার শিক্ষার্থীদের সহযোগিতার আশ্বাস চবি প্রক্টরিয়াল বডির

কোটা সংস্কার আন্দোলন ঘিরে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক নিরপরাধ কোনো শিক্ষার্থী হয়রানির শিকার হলে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রক্টরিয়াল বডি।

বৃহস্পতিবার (১ আগস্ট) চবি প্রক্টর অধ্যাপক ড. মো. অহিদুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ও আইন-শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থার অভিযানকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোনো নিরপরাধ শিক্ষার্থী হয়রানির শিকার হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের সার্বিক সহযোগিতার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ ধরণের পরিস্থিতিতে  সহকারী প্রক্টর হেলাল উদ্দিন আহম্মদ ও রন্টু দাশের সঙ্গ যোগাযোগের কথা বলা হয়েছে। 

এছাড়াও, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোন নিরপরাধ শিক্ষার্থী যেন অহেতুক হয়রানির শিকার না হয় এ বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি উদাত্ত আহ্বান করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।