বাংলাদেশের বেশ কিছু জেলা-উপজেলায় রাসেল ভাইপার সাপ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ফেসবুকে বিষয়টি নিয়ে অনেকে নানাভাবে উদ্বেগ প্রকাশ করছেন। অনেকে প্রচার করছেন যে, বিষাক্ত সাপটি কামড় দিলে দ্রুত মানুষের মৃত্যু হয়। এমন পরিস্থিতি মোকাবিলায় রাজশাহীর পদ্মানদীবিধৌত চারঘাট-বাঘার চারাঞ্চলের কৃষকদের বাঁচাতে গামবুট বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
বৃহস্পতিবার (১-আগষ্ট) সকালে উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে শোকাবহ ১৫ আগষ্টে নিহত জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে বাঘা উপজেলার পদ্মার চরাঞ্চল নিয়ে গঠিত চকরাজাপুর ইউনিয়ন এবং চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত শহীদ মিনারের শুভ উদ্বোধন অনুষ্ঠান শেষে কৃষকদের মাঝে ১০০০ গামবুট বিতরণ উদ্বোধন করেন। তিনি এই ইউনিয়নে কৃষকদের মাঝে ৪০০ টি গামবুট বিতরণ করেন এবং পর্যায় ক্রমে গড়গড়ি, পাকুড়িয়া, মনিগ্রাম, ইউসুফপুর এবং চারঘাট পৌর মিলে পদ্মা নদীর তীরবর্তী এলাকার কৃষকদের মাঝে গামবুট পৌছে দিবেন। এতে আনান্দে আপ্লুত হয়েছেন ওই অঞ্চলের কৃষকরা।
চকরাজাপুর উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ডি.এম. বাবলু দেওয়ানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় শাহরিয়ার আলম আরও বলেন, অনেকে বলছেন, রাসেল ভাইপার খুব দ্রুত বংশবিস্তার করে। ফলে সহসা বাংলাদেশের গ্রামাঞ্চলে এই সাপের আধিক্য মানুষের মধ্যে হুমকি তৈরি করছে। আমি এ থেকে একটি বিষয় চিন্তা করেছি, সাপ তো সবসময় নিচে কামড় দেয়। আমি যদি নদী বেধৌত চরাঞ্চলের কৃষকদের মাঝে গামবুট বিতরণ করি তাহলে তারা সাপের কামড় থেকে রক্ষা পাবে।
এ সময় তিনি চরবাসীদের উদ্দেশ্যে বলেন, কর্মীদের দায়িত্ব রাজনৈতিক নেতাদের এক কাতারে রাখা। এতে করে সংগঠনের ভিত শক্ত হয়। আমি আপনাদের এলাকার সাবেক এবং বর্তমান দু’জনকেই চেয়ারম্যান ডাকি। আমি সেই কাজ করতে চাই, যে কাজ করলে মানুষের কল্যান হয়। আমার গর্ব হয় চরাঞ্চল নিয়ে। আমি যখন এ অঞ্চলে প্রথম আসি, তখন চরাঞ্চলের ফসল দেখে আমার জান ভরে গিয়েছিল। তিনি কোটা আন্দোলনের ইস্যু নিয়ে দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করা-সহ বর্তমানে যে চক্রান্ত শুরু হয়েছে, তা মোকাবেলার জন্য নিজেদের মধ্যে ঐক্যের কোন বিকল্প নেই বলেও উল্লেখ করেন।
চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও আ’লীগ নেতা মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চকরাজাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিজুল আজম, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও জেলা আ’লীগের সদস্য রোকনুজ্জামান রিন্টু ,বাঘা উপজেলা আ’লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু ,সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ওয়াহেদ সাদিক কবির ও উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শাহিনুর রহমান পিন্টু।