গুরুদাসপুরে যুবককে কুপিয়ে জখম

নাটোরের গুরুদাসপুরে পূর্বশত্রুতার জেরে শহিদুল ইসলাম (৩০) নামের এক ইজিবাইক চালককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। রবিবার রাতে উপজেলার মহাজপুর গ্রামে ওই ঘটনা ঘটে। এ সময় শহিদুলের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় আহতের পিতা আক্কাছ আলী বাদী হয়ে মহারাজপুর গ্রামের আরিফুল, সাগর ও জাকারিয়াকে অভিযুক্ত করে গুরুদাসপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

মামলার অভিযোগে জানা গেছে, গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের ধানুড়া মিলকি গ্রামের আক্কাছ আলীর ছেলে শহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে ইজিবাইকে যাত্রীবহন করে জীবীকা নির্বাহ করছেন। সর্বশেষ রবিবার তার ইজিবাইকে মাছের খাদ্য পরিবহন করে উপজেলার মহারাজপুর গ্রামে যান। এ সময় পূর্ব পরিচিত আরিফুলসহ তার দুই ভাই সাগর ও জাকারিয়া মিলে শহিদুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে যখম করে।

আহত শহিদুলের পিতা অভিযোগকারী মোঃ আক্কাছ আলী জানান, তার ছেলের সঙ্গে অভিযুক্ত আরিফুলের বন্ধুত্বের সম্পর্ক ছিল। বছর পাঁচেক আগে তাদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির পর সেই সম্পর্ক ভেঙে যায়। ওই শত্রুতার সূত্র ধরে রবিবার রাতে মহারাজপুর পুকুর পাড়া মসজিদের কাছে তার ছেলেকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে।

এ ব্যাপারে অভিযুক্ত আরিফুল ও তার দুই ভাই পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইত্তেফাক/নূহু