কোটা আন্দোলন: ইবি শিক্ষার্থীদের হয়রানি না করার আহ্বান 

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কোনো নিরপরাধ শিক্ষার্থীকে হয়রানি না করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শনিবার (৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা যায়।

সেখানে বলা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কোনো নিরপরাধ শিক্ষার্থী যেন অহেতুক হয়রানির শিকার না হয়, এ বিষয়ে আইন- শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি উদাত্ত আহ্বান জানানো হচ্ছে। 

এতে আরও বলা হয়, কোটাসংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোনো নিরপরাধ শিক্ষার্থী হয়রানির শিকার হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদেরকে সার্বিক সহযোগিতা দেবে। উক্ত সহযোগিতা গ্রহণের জন্য ইবির ৮ জন সহকারী প্রক্টরের মোবাইল নম্বর যুক্ত করে তাদের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।