ইমরানের পদত্যাগ দাবি নওয়াজ-কন্যা মরিয়মের

বাবাকে ফাঁসানো হয়েছে বলে আগেই দাবি করেছিলেন তিনি। এবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগ দাবি করলেন মরিয়ম নওয়াজ। সোমবার গভীর রাতে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মান্ডি বাহাউদ্দিন শহরে মিছিল করেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম নওয়াজ। পাকিস্তানের প্রধান বিরোধী দল পিএমএল-এন-এর সহ-সভাপতি তিনি। মিছিলে ৪৫ বছরের মরিয়ম প্রধানমন্ত্রীর কড়া সমালোচনা করে জানান, অবিলম্বে পদত্যাগ করা উচিত ইমরানের। মরিয়মের দাবি, ক্ষমতায় থাকার বৈধ অধিকারই নেই পাকিস্তানের প্রধানমন্ত্রীর। জনসভায় ইমরানকে উদ্দেশ্য করেই মরিয়মকে বলতে শোনা যায়, ‘ইস্তফা দিন আর বাড়ি যান।’

ইমরানের নিন্দার পাশাপাশি মরিয়মের দাবি, খুব শীঘ্রই জেল থেকে ছাড়া পেয়ে যাবেন তার বাবা। তারপর তিনিই ফের প্রধানমন্ত্রী হবেন। মরিয়মের আরো দাবি, এবার  অনেক বেশি জনসমর্থন নিয়ে ক্ষমতায় ফিরবে তাদের দল।  ইমরান খান আর তার সরকারের বিরুদ্ধে গত শনিবারই তোপ দেগেছিলেন শরিফকন্যা। সেদিন একটি সংবাদ সম্মেলন করে তিনি দাবি করেন, দুর্নীতি মামলায় ফাঁসিয়ে নওয়াজ শরিফকে জেলে পাঠানো হয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার

গত বছর ডিসেম্বরে আল আজিজিয়া স্টিল দুর্নীতি মামলায় নওয়াজ শরিফ দোষী সাব্যস্ত হন। তাকে সাত বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছিলেন আরশাদ মালিক নামে এক বিচারক। লাহৌরের কোট লাখপত জেলে বন্দি নওয়াজ। তিনি খুবই অসুস্থ বলেও দাবি মরিয়মের। বিচারক আরশাদ উপরতলার চাপের কাছে নতি স্বীকার করে নওয়াজকে জেলে পাঠান বলে শনিবারের সাংবাদিক বৈঠকে দাবি করেছিলেন মরিয়ম। নিজের দাবির সমর্থনে আরশাদ এবং নাসির বাট নামে পিএমএল-এন-এর এক সমর্থকের কথোপকথনের একটি ভিডিও ক্লিপিংও প্রকাশ করেছিলেন মরিয়ম, যেখানে আরশাদকে বলতে শোনা গিয়েছে, চাপের মুখেই নওয়াজকে জেলে পাঠাতে বাধ্য হন তিনি। আরশাদ অবশ্য ঐ ভিডিও ভুয়া বলে দাবি করে জানিয়েছেন, ওটা তার বক্তব্যই নয়। গত পরশু তিনি জানিয়েছিলেন, প্রমাণের ভিত্তিতেই নওয়াজের জেল হয়েছে। কারো কাছ থেকে কোনো চাপ ছিল না।