ভারতের মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলায় ২৫ ব্যক্তিকে কোমরে দড়ি বেঁধে ‘গো মাতার জয়’ বলতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তার আগে তাদের ওঠবোস করানো হয়। এরপর কোমরে দড়ি বেঁধে তাদের থানায় নিয়ে যাওয়া হয়।
এদের মধ্যে ছয়-সাতজন মুসলমান আর বাকিরা আদিবাসী। প্রায় একশত তথাকথিত গোরক্ষক ওই ঘটনার সঙ্গে জড়িত বলে পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সাওলীখেড়া গ্রামের মানুষেরা আটটি গাড়ি আটক করে, যেগুলোতে ২২টি গরু নিয়ে যাওয়া হচ্ছিল। এরপর তাদের কাছে গরু নিয়ে যাওয়ার কাগজপত্র চাওয়া হয়। কিন্তু তারা তা দেখাতে ব্যর্থ হলে তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়। বলা হয় যে, ওই ২৫ জন আসলে গরু চুরি করে মহারাষ্ট্রে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। খান্ডোয়া জেলার পুলিশ সুপারিন্টেডেন্ট শিবদয়াল সিং বলেন, নথিপত্র ছাড়া গরু নিয়ে যাওয়ার অভিযোগে থানায় মামলা হয়েছে। এদের গ্রেফতারও করা হয়েছে।