দেশে একটি রাজনৈতিক পরিবর্তন হইয়া গেল। গত প্রায় তিন সপ্তাহ ধরিয়া আন্দোলন প্রতিবাদের ফসল এই পরিবর্তন। প্রমাণ হইল, জনগণই সকল ক্ষমতার উৎস। শিক্ষার্থীদের আন্দোলনকে সাধারণ মানুষ পূর্ণ সমর্থন দিয়া এই পরিবর্তন আনিল। দুঃখজনক হইল, এই পরিবর্তন আনিতে বেশ কিছু মানুষকে জীবন দিতে হইয়াছে। এই আন্দোলনে যাহারা জীবন দিয়াছেন, আমরা তাহাদের সকলের আত্মার মাগফেরাত কামনা করি। নিরীহ শিশুকেও দুর্ভাগ্যজনকভাবে প্রাণ হারাইতে হইয়াছে। তাহারই ফসল এই পরিবর্তন। মানুষ রাজনৈতিক পরিবর্তন আনে আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নের নিমিত্তে। এই পরিবর্তন তখনই পরিপূর্ণ হইবে, যখন মানুষের সামনে তার আকাঙ্ক্ষার পথ প্রশস্ত হইবে। সুখ ও সমৃদ্ধির আশায় মানুষ বুক বাঁধিয়া থাকে। কিন্তু যখন তাহা অধরা থাকে তখন সে মরিয়া হইয়া ওঠে সেই আশা পূরণ করিবার জন্য। তাহারই প্রতিফলন আমরা দেখিলাম শিক্ষার্থীদের নেতৃত্বে গড়িয়া ওঠা এই আন্দোলনে। ফিয়দর দস্তয়েভস্কি বলিয়াছেন, আশাহীন জীবন মৃত জীবনের সমান। যে গণতন্ত্রের আশা, যে সমৃদ্ধির আশা এই আন্দোলনের নেপথ্যে শক্তি জোগাইয়াছে, তাহা দেশবাসীর পূরণ হউক, ইহাই আমাদের প্রত্যাশা।
এখন সরকারের পরিবর্তন হইয়াছে। সারা দেশে মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠা আমাদের প্রধান লক্ষ্য হওয়া প্রয়োজন। এই দেশের মানুষ শান্তিতে বসবাস করিতে চাহে। কাহারো এখন আইন হাতে তুলিয়া লওয়া উচিত হইবে না। তাহা হইলে দেশ এক অরাজকতার মধ্যে পতিত হইবে। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম ইসলাম শান্তি ও সম্প্রীতির ওপর যাহার পর নাই জোর দিয়াছে। ইসলাম শব্দের অর্থই হইল শান্তি। কুরআনুল করিমে আল্লাহ তায়ালা বলিয়াছেন, 'তোমরা শান্তির মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো (সুরা বাকারা)। তিনি বলিয়াছেন, 'যাহারা ঈমান আনে, এবং স্বীয় বিশ্বাসকে শেরোকির সঙ্গে মিশ্রিত করে না, তাহাদের জন্যই শান্তি এবং তাহারাই সুপথগামী (সুরা আনায়াম: ৮৩)।
সুতরাং ধৈর্যের সঙ্গে দেশের বর্তমান সংকট উত্তরণ করিতে উদ্বুদ্ধ হওয়া প্রতিটি ঈমানদার মানুষের কর্তব্য। আমরা চাই দেশে শান্তি প্রতিষ্ঠা হউক, দেশের অর্থনীতি, দেশের অগ্রগতি দুর্বার গতিতে আগাইতে থাকুক। দেশ সমৃদ্ধির পথে আগাইলে তাহা সকলের জন্যই সুফল বহিয়া আনে। এই দেশের প্রতিটি শিক্ষার্থী, যাহারা এই আন্দোলনে অংশ লইয়াছে, প্রতিটি মানুষ যাহারা সড়কে নামিয়া আসিয়াছে, তাহাদের সকলের সুশাসনের আশা পূর্ণ হউক। আজ সকালে যে সূর্য বাংলাদেশে উদয় হইবে, তাহা এই দেশের জন্য মঙ্গল বহিয়া আনুক, ইহাই আমাদের প্রত্যাশা।