প্রায় ১২ বছর আগে নির্মিত গর্জনিয়া-বাইশারী সড়ক আর সংস্কার করা হয়নি। প্রতিবছর তিনটি ইউনিয়নের লক্ষাধিক মানুষকে করুণ পরিস্থিতির শিকার হতে হয় এই রাস্তার কারণে। বর্তমানে থোয়াঙ্গাকাটা জুমছড়ি, শিকদারপাড়া ও বড়বিলসহ বিভিন্ন গ্রামের মানুষের যাতায়াত কষ্টকর হয়ে পড়েছে। সাইকেল, গাড়ি তো দূরের কথা, পায়ে হাঁটাও যায় না। এই দুর্ভোগ থেকে এলাকার মানুষ মুক্তি চায়। প্রতিদিন এই রাস্তা দিয়ে ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে আসা-যাওয়া করে। বর্ষাকালে যাতায়াত করা অনেক কষ্ট। রাস্তাটি কেন এখনো পাকা করা হচ্ছে না, তা বোধগম্য নয়। বর্তমানে রাস্তাটি চাষের জমিতে পরিণত হয়েছে, দেখার কেউ নেই। রামু উপজেলার অন্যান্য ইউনিয়নে প্রচুর উন্নয়ন হয়েছে, কিন্তু গর্জনিয়া ইউনিয়নে রাস্তা পর্যন্ত সংস্কার করা হচ্ছে না। পরিশেষে, রাস্তাটি অবিলম্বে পাকা করার উদ্যোগ নিতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
আরিফ ইকবাল নূর, গর্জনিয়া, রামু, কক্সবাজার