ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার সবচেয়ে অবহেলিত গ্রাম হচ্ছে বরইচারা। এখানকার হাফেজিয়া মাদ্রাসা ও সরকারি প্রাথমিক বিদ্যালয় গ্রামের পশ্চিম সীমান্তে অবস্থিত। পরিতাপের বিষয় হচ্ছে, বিদ্যালয় ও মাদ্রাসায় যাওয়া-আসার কোনো রাস্তা নেই। কোমলমতি ছেলেমেয়েরা কৃষিজমির আঁকাবাঁকা আইল দিয়ে সারা বছর যাতায়াত করে। প্রায়শই ছাত্রছাত্রীরা বই-খাতা নিয়ে পা পিছলে ধানের জমিতে পড়ে কর্দমাক্ত হয়ে যায়। আর গ্রামের ভেতরের রাস্তাগুলো তো চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। এই গ্রামে রাস্তাঘাট মেরামতের জন্য সরকারি বরাদ্দ আসে না বললেই চলে। গ্রামের অনেক দরিদ্র পরিবার এখনো ঝুলন্ত বাঁশের খোলা টয়লেট ব্যবহার করে, নদীর জল পান করে। এরকম অসংখ্য সমস্যা এই গ্রামে। পরিশেষে, গ্রামটির জরুরি সমস্যাগুলো সমাধানের জন্য বিশেষ করে স্কুলে ও মাদ্রাসায় যাওয়া-আসার রাস্তাটি করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
এম মনসুর আলী
অরুয়াইল, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া