রাজধানীর ঢাকাসহ পুরো বাংলাদেশের রাস্তায় কোথাও নেই ট্রাফিক পুলিশ। কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় দেশের বিভিন্ন স্থানে পুলিশ ফাঁড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে আতঙ্ক বিরাজ করছে পুলিশের মাঝে। তাই রৌদ্রে রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করেছেন শিক্ষার্থীরা। সেই শিক্ষার্থীদের পাশে দাঁড়াল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বৃহস্পতিবার (৮ আগস্ট) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ করা শিক্ষার্থীদের জন্য খাবার সরবরাহ করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। বিসিবির কয়েকজন কর্মী পিকআপ ভ্যানে করে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করতে থাকা শিক্ষার্থীদের হাতে খাবার তুলে দেন।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে পতন ঘটে শেখ হাসিনার। এরপর উত্তেজিত জনতার তোপের মুখে পড়ে পুলিশ বাহিনী। আসে কর্মবিরতির ঘোষণা। তবে পুলিশের অবর্তমানে ট্রাফিক নিয়ন্ত্রণে নেমেছেন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।