নোয়াখালীর সেনবাগ উপজেলা সদরে অবস্থিত ছয়টি হাসপাতাল-ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারকে ৩ লাখ ১০ হাজার টাকা জরিমানা ও একটি হাসপাতালকে নির্দিষ্ট মান অর্জন না করা পর্যন্ত বন্ধ ঘোষণা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গত সোমবার দিনব্যাপী এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রোকনুজ্জামান খান। তাকে সহযোগিতা করেন নোয়াখালী সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. আরাফাত, ড্রাগ সুপার মাসুদুজ্জামান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা ও র্যাব ১১-এর সদস্যবৃন্দ।
যথাযথ অবকাঠামো, প্রয়োজনীয় উপকরণ, হাসপাতাল-ক্লিনিক পরিচালনার লাইসেন্স না থাকাসহ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দি নিউ সেন্ট্রাল হাসপাতালকে ৮০ হাজার, এম এ লতিফ ডায়াবেটিকস হাসপাতালকে ৫ হাজার, মায়া ডায়াগনস্টিক সেন্টারকে ৬৫ হাজার, লাইফ স্কয়ার হসপিটালকে ৬৫ হাজার, নিউ সেনবাগ প্রাইভেট হাসপাতালকে ৩০ হাজার, সেন্ট্রাল হাসপাতালকে ৬৫ হাজার টাকা জরিমানা দণ্ড আরোপ ও আদায় করা হয় এবং ছয়টি হাসপাতাল-ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারকে মোট জরিমানা ৩ লাখ ১০ হাজার টাকা। একই সঙ্গে নিউ সেনবাগ প্রাইভেট হাসপাতালকে নির্দিষ্ট মানে উত্তরণের পূর্ব পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়।