৫ দিন আগেই পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ 

দুই ম্যাচে টেস্ট সিরিজ খেলতে আগামী ১৭ আগস্ট পাকিস্তানের উদ্দেশে দেশ ছাড়ার কথা ছিল বাংলাদেশের। তবে পরিবর্তিত পরিস্থিতিতে ৪ দিন আগে  পাকিস্তান সফরে যাবে টাইগাররা। নতুন সূচি অনুযায়ী ১২ আগস্ট পাকিস্তানের উদ্দেশে রওনা হবে নাজমুল হাসান শান্তর দল।

রোববার (১১ আগস্ট) টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করা হবে। বিসিবির এক সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তার ঝুঁকি নিয়েই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ব্যক্তিগত অনুশীলন করছেন ক্রিকেটাররা। জাতীয় দলের কোচিং স্টাফরা হোটেল-বন্দী।

নিরাপত্তার কথা মাথায় রেখে তাই বাংলাদেশ দলকে আগেভাগে পাকিস্তান যাওয়ার প্রস্তাব দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড পিসিবি। সেখানে ক্রিকেটারদের অনুশীলনের সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হবে। বিসিবি সে সুযোগটাই কাজে লাগিয়ে চার দিন আগে পাকিস্তান যাচ্ছে।  

আগামী ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টটি শুরু হবে। ৩০ আগস্ট করাচিতে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।