পটিয়ায় ঢলে ভেসে যাওয়া রোহিঙ্গার লাশ উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় দুই রোহিঙ্গা নাগরিক পাহাড়ি ঢলের পানিতে ভেসে যাওয়ার ২৪ ঘন্টার মাথায় একজনের মরদেহ উদ্ধার হয়েছে। দুইজনের মধ্যে আবদুস শুক্কুরের (২৮) লাশ মঙ্গলবার সকাল ৮টায় বোয়ালখালী উপজেলার বোয়ালীকালন্দ শাহ্ (রঃ) মাজার এলাকা থেকে মিলেছে। এখনো নিখোঁজ রয়েছে আরেক রোহিঙ্গা নাগরিক শাহ আলম (৩০)।

জানা গেছে, পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নের পাহাড়ি এলাকায় বেশ কিছু রোহিঙ্গা দিনমজুরের কাজ করে। চার রোহিঙ্গা সোমবার সকালে পাহাড়ের লেবু বাগান থেকে লেবু আনতে যান। অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলে চার রোহিঙ্গা নাগরিক পাহাড়ের গহীন জঙ্গলে আটকা পড়ে। তাদের মধ্যে দুইজন পালিয়ে আসলেও পানিতে ভেসে গেছে শুক্কুর ও শাহ আলম। কেলিশহর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ আলম জানিয়েছেন, তাদের এলাকার রফিক সওদাগরের লেবুর বাগান থেকে লেবু আনতে যান। পাহাড়ি ঢলে রোহিঙ্গা নাগরিক শুক্কুরের লাশ ভেসে গেছে।

পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান জানিয়েছেন, পানিতে ভেসে যাওয়া রোহিঙ্গা নাগরিকের মরদেহ স্থানীয়রা উদ্ধার করেছেন। রোহিঙ্গা নাগরিক শুক্কুর উখিয়া ক্যাম্প থেকে পালিয়ে এসেছিল পটিয়ায়। উদ্ধার হওয়া মরদেহ রোহিঙ্গা নাগরিকরাই উখিয়া ক্যাম্পে নিয়ে গেছে।