বিভিন্ন স্থানে বিদ্যুত্স্পৃষ্টে তিনজন নিহত

দেশের বিভিন্ন স্থানে বিদ্যুত্স্পৃষ্টে তিনজন নিহতের খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা।

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় সোমবার পৃথক বিদ্যুত্স্পৃষ্টে দুই জন নিহত হয়। তারা হলেন— সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মোস্তফা মিয়া এবং বুধল ইউনিয়নের সুতিয়ারা গ্রামের মো. ইয়াছিন মিয়া।

নিহত মোস্তফা মিয়ার বড়ো ভাই আব্দুল জব্বার জানান, রাত ৮টার দিকে বাড়িতে বিদ্যুতের লাইনের কাজ করতে গিয়ে মোস্তফা তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়। তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।

এদিকে নিহত ইয়াছিনের ছোটো ভাই আক্কাস মিয়া জানান, সন্ধ্যার পর সুতিয়ারা গ্রামে অটোরিকশা গ্যারেজে ব্যাটারি চালিত রিকশায় চার্জ দিতে গিয়ে তারে জড়িয়ে ইয়াছিন গুরুতর আহত হন। পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।

সোনাতলা (বগুড়া): সোনাতলায় বিদু্যুত্স্পৃষ্ট হয়ে পলিন মিয়া নামে এক অটোগাড়ি চালকের মৃত্যু হয়েছে। সোমবার উপজেলার মধুপুর ইউনিয়নের দড়িহাঁসরাজ গ্রামের সিরাজুল ইসলাম মণ্ডলের ছেলে পলিন মিয়া নিজ বাড়িতে তার অটোগাড়ির ব্যাটারিতে বিদ্যুতের সংযোগ দিয়ে চার্জ দিচ্ছিল। এ সময় হঠাত্ বিদ্যুত্স্পৃষ্ট হলে মুমূর্ষু অবস্থায় সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ-আল-মাসউদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।