দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুত্ কেন্দ্রে নিয়োগের দাবিতে শ্রমিকদের অবোরোধ কর্মসূচি চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ৫৬ জনের নাম উল্লেখ করে ২০০ শ্রমিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। রবিবার গভীর রাতে পার্বতীপুর মডেল থানার এসআই সিরাজুল ইসলাম বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলাটি দায়ের করেন। এদিকে মামলা দায়েরের খবরে গ্রেফতার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন আন্দোলনে অংশ নেওয়া শ্রমিকরা।
পার্বতীপুর মডেল থানার ওসি মখলেছুর রহমান বলেন, আটক ১৬ আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং বড়পুকুরিয়া তাপবিদ্যুত্ কেন্দ্র এলাকায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
মামলা দায়েরের পর আন্দোলনে অংশ নেওয়া শ্রমিকরা গ্রেফতার আতঙ্কে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। শ্রমিক নেতা ও বাংলাদেশ ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক নূর আলম জানান, পুলিশি আতঙ্কে এখন ঘরছাড়া হয়ে পড়েছেন শ্রমিকরা। পুলিশ বাড়ি বাড়ি তল্লাশি করায় শ্রমিকরা বাড়িতে থাকতে পারছেন না। এ কারণে তাদের পরিবারের সদস্যরাও বিপাকে পড়েছেন।
তবে শ্রমিকদের বাড়ি বাড়ি তল্লাশির অভিযোগ অস্বীকার করে ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশিষ বীন হাছান জানান, নিরপরাধ কাউকে গ্রেফতার করা হবে না।
উল্লেখ্য, বড়পুকুরিয়া তাপবিদ্যুত্ কেন্দ্রের ২৭৫ মেগাওয়াট উত্পাদন ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিটে ১৫৪ জন অভিজ্ঞ শ্রমিক নিয়োগের দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শ্রমিকসহ স্থানীয় অধিবাসীরা রবিবার সকাল থেকে দ্বিতীয় দিনের মতো খনি গেটে সড়ক অবরোধ শুরু করে। এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পালটা ধাওয়া ও সংঘর্ষ হয়।