মঠবাড়িয়ায় পূর্ব শক্রতার জেরে মতিয়ার রহমান লিটন নামের এক চাল ও মুদির ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শাফা বন্দর ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর জখম ঐ ব্যবসায়ীকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে চিকিত্সক আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরে-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। আহত ব্যবসায়ী মতিয়ার রহমান লিটন শাফা বন্দর ২নং ওয়ার্ড ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেনের ছেলে। তিনি শাফা বন্দর বাজারে পাইকারি চাল ও মুদির ব্যবসা করেন।
মঠবাড়িয়া থানার ওসি সৈয়দ আব্দুল্লাহ্ জানান, হামলার বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।