খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার এক

খুলনায় বিদেশি অত্যাধুনিক পিস্তল ও তিন রাউন্ড পিস্তলের কার্তুজসহ লিটন বিশ্বাস ওরফে লিটন দেওয়ান নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার রাতে ডুমুরিয়া উপজেলার হাসানপুর খেয়াঘাট সংলগ্ন ব্রিজের কাছ থেকে তাকে পিস্তল ও কার্তুজসহ গ্রেফতার করা হয়।

খুলনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (পরিদর্শক) তোফায়েল আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডুমুরিয়া উপজেলার হাসানপুর খেয়াঘাট সংলগ্ন ব্রিজের ওপর গোয়েন্দা পুলিশের চেকপোস্ট বসানো হয়। এ সময় মোটরসাইকেলে আসা তিন যাত্রীকে দাঁড়ানোর জন্য সিগন্যাল দেওয়া হয়। সিগন্যাল উপেক্ষা করে দুইজন পালিয়ে গেলেও পুলিশ লিটন বিশ্বাস ওরফে লিটন দেওয়ানকে আটক করে। পরে তার শরীর তল্লাশি করে ৩ রাউন্ড গুলি লোড করা একটি অত্যাধুনিক বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

গ্রেফতার লিটন ডুমুরিয়া উপজেলার মিকশিমিল গ্রামের মৃত আবুল কাশেম বিশ্বাসের ছেলে।

ওসি জানান, লিটনের বিরুদ্ধে ডুমুরিয়াসহ বিভিন্ন থানায় বিস্ফোরক, অপহরণ, চাঁদাবাজি, মাদকসহ অপরাধমূলক ৫/৬টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে জেলা গোয়েন্দা পুলিশের এসআই (নি.) লুত্ফর রহমান বাদী হয়ে ডুমুরিয়া থানায় অস্ত্র আইনে মামলা করেছেন।