“কাঁঠাল মোদের জাতীয় ফল, বাড়ে পুষ্টি বাড়ে বল” এই স্লোগানে চুয়াডাঙ্গা সরকারি কলেজ মাঠে মঙ্গলবার কাঁঠাল খাওয়া প্রতিযোগিতা ও উত্সব অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চুয়াডাঙ্গা জেলা সংসদ দ্বিতীয়বারের মতো এই আয়োজন করে। অংশগ্রহণকারী ছাড়াও বিপুল সংখ্যক মানুষ অনুষ্ঠানটি উপভোগ করেন।
উদীচী চুয়াডাঙ্গার সভাপতি বিল্লাল হোসেনের সভাপতিত্বে উত্সবে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার ফরহাদ আহমেদ ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কানাই লাল সরকার।
প্রতিযোগিতায় মোট ৪৭ জন অংশগ্রহণ করেন। এদের মধ্যে কাঁঠালের ৬৭টি কোয়া খেয়ে প্রথম হয়েছে চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইংরেজি বিভাগের ছাত্র পারভেজ হোসেন, ৬১টি খেয়ে দ্বিতীয় হয়েছে দামুড়হুদার জয়রামপুর গ্রামের খোদাবকশ শাহ এবং তৃতীয় ৫৯টি খেয়ে যুগ্মভাবে তৃতীয় হয় আলমগীর হোসেন ও সোহেল রানা।