বিজয়নগরে মঙ্গলবার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৪০ জন আহত হয়েছেন। এ সময় বেশকিছু বাড়িঘর ভাঙচুর করা হয়।
স্থানীয়রা জানান, উপজেলার হরষপুর ইউনিয়নের গাজিপুর বাজারে পূর্বপাড়ার মস্তু মিয়ার ছেলে আবেদ মিয়া ও পশ্চিমপাড়ার শিশু মিয়ার ছেলে শরিফ মিয়ার মধ্যে ক্যারম খেলা নিয়ে প্রথমে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করার জন্য সোমবার সন্ধ্যায় উভয় পক্ষের লোকজন সালিশে বসে। সালিশেও উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে ঘটনা মীমাংসা হয়। ঐ রাতেই দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরই জেরে পরদিন সকালে উভর পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিজয়নগর থানার ওসি ফয়জুল আজিম জানান, পরিস্থিতি শান্ত রয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।