সাংবাদিক লাবলুর দাফন সম্পন্ন

দৈনিক ভোরের কাগজ পত্রিকার প্রধান প্রতিবেদক ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সভাপতি আখতারুজ্জামান সিদ্দিকী লাবলুর দাফন সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর আজিমপুর কবরস্থানে তাঁকে দাফন করা হয়। সোমবার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আইসিইউতে চিকিত্সাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। দাফনের আগে দৈনিক ভোরের কাগজ পত্রিকা কার্যালয়ে গতকাল তাঁর প্রথম জানাজা, পরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি চত্বরে মরহুমের দ্বিতীয় নামাজে জানাজা এবং বাদ জোহর জাতীয় প্রেস ক্লাবে তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

জাতীয় প্রেস ক্লাবের নামাজে জানাজায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ডেইলি অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, বাসস-এর প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম, যুগ্ম সম্পাদক মাঈনুল আলম, কোষাধ্যক্ষ ও ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল ও মহাসচিব শাবান মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, পুলিশের ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে মরহুমের মরদেহ তাঁর দীর্ঘদিনের কর্মস্থল ভোরের কাগজ কার্যালয়ে নেওয়া হয়। ক্র্যাব কার্যালয়ের সামনে দ্বিতীয় নামাজে জানাজা শেষে মরহুমের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ক্র্যাব সভাপতি আবুল খায়ের, সহ-সভাপতি মিজান মালিক ও সাধারণ সম্পাদক দীপু সারোয়ারসহ ক্রাব নেতৃবৃন্দ। এরপর শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইলিয়াস হোসেন, যুগ্ম সম্পাদক জামিউল আহসান সিপুসহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ, ক্রাইম রিপোর্টার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেড, ঢাকাস্থ খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরাম, ঢাকাস্থ পটুয়াখালী জার্নালিস্টস ফোরাম, পুলিশ সদর দপ্তর ও র্যাব সদর দপ্তর প্রতিনিধিরা।

লাবলুর মৃত্যুতে জাতীয় প্রেস ক্লাব সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, ক্র্যাব সভাপতি আবুল খায়ের ও সাধারণ সম্পাদক দীপু সারোয়ার, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইলিয়াস হোসেন ও সাধারণ সম্পাদক কবির আহমেদ খান গতকাল পৃথক বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।