স্বাস্থ্য কমপ্লেক্সের যন্ত্রপাতি কেনার মাধ্যমে সাড়ে ১৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাতক্ষীরার সাবেক সিভিল সার্জনসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. জালাল উদ্দিন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন, সাতক্ষীরার সাবেক সিভিল সার্জন ডাঃ তাওহীদুর রহমান, ঐ অফিসের স্টোর কিপার এ কে এম ফজলুল হক, হিসাবরক্ষক মো. আনোয়ার হোসেন, মেসার্স বেঙ্গল সায়েন্টিফিক এন্ড সার্জিকেল কোং এর প্রোপাইটর মো. জাহের উদ্দিন সরকার, মো. আব্দুর ছাত্তার সরকার, দিনাজপুর ফুলবাড়ীর মো. আহসান হাবিব, মো. আসাদুর রহমান, মাদারীপুরের কাজী আবু বকর সিদ্দীক ও ঢাকার নিমিউ এন্ড টিসির সহকারী প্রকৌশলী (অব) এ এইচ এম আব্দুস কুদ্দুস।
মামলার এজাহারে বলা হয়, সাতক্ষীরা সদর হাসপাতাল ও সাতক্ষীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যন্ত্রপাতির কোনো ধরনের চাহিদাপত্র না থাকা সত্ত্বেও আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহারপূর্বক অসত্ উদ্দেশে পূর্বপরিকল্পিতভাবে মিথ্যাভাবে জাল-জালিয়াতি ও প্রতারণার আশ্রয় নিয়ে দরপত্র আহ্বান করে। পরে দরপত্র সংগ্রহ, দরপত্র মূল্যায়ন ও কার্যাদেশ প্রদান করে ৭ কোটি ৮১ লাখ ৭১ হাজার ৮০০ টাকা, ৪ কোটি ৪৯ লাখ ৯৫ হাজার টাকা ও ৪ কোটি ২৯ লাখ ৬৪ হাজার ৮৯৯ টাকার তিনটি মিথ্যা বিলের বিপরীতে মোট ১৬ কোটি ৬১ লাখ ৩১ হাজার ৮২৭ টাকা উত্তোলনপূর্বক আত্মসাত্ করে।