শিশু ডিপজলকে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামিকে খালাস দিয়েছে হাইকোর্ট। বিচারপতি কৃষ্ণা দেবনাথ ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল এই আদেশ দেন। খালাসপ্রাপ্তরা হলেন : বাগেরহাটের মোল্লাহাট উপজেলার নগরকান্দি গ্রামের ইকু বিশ্বাসের স্ত্রী ও ডিপজলের মা লতিফা বেগম, একই গ্রামের আয়েন উদ্দিন মোল্লার ছেলে মনির মোল্লা এবং লুত্ফর রহমানের স্ত্রী নাজমা বেগম। বিচারিক আদালত ২০১৪ সালের ২১ এপ্রিল এই তিন আসামিকে মৃত্যুদণ্ড দেয়। এই রায়ের বিরুদ্ধে আসামিরা আপিল করেন। পাশাপাশি মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য নথি ডেথ রেফারেন্স আকারে হাইকোর্টে আসে।
আদালতে আসামিদের পক্ষে আইনজীবী একেএম ফজলুল হক খান ফরিদ এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমএ মান্নান মোহন শুনানি করেন। ডিএজি বলেন, তদন্তে পুলিশের গাফিলতি থাকায় আসামিরা খালাস পেয়ে গেল। ফজলুল হক খান ফরিদ বলেন, চাক্ষুস সাক্ষী না থাকাসহ বিভিন্ন কারণে আসামিরা খালাস পেয়েছেন। মামলার অভিযোগে বলা হয়, লতিফা বেগমের সঙ্গে প্রতিবেশী মনির মোল্লার বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে ঝগড়ার পর স্ত্রী লতিফা বেগমকে মারধর করে ইকু। এ ঘটনায় আসামিরা ইকুর ওপর ক্ষিপ্ত হন। এরই ধারাবাহিকতায় ২০০৫ সালের ১২ এপ্রিল ভোরে ডিপজল নিখোঁজ হয়। পরের দিন বাড়ির পাশের একটি পুকুরে দেড় বছর বয়সী শিশুটির লাশ পাওয়া যায়।