বৃষ্টির কবলে ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল

ম্যানচেস্টারে খেলার প্রথম অংশ ছিল ভারতীয় বোলারদের নিয়ন্ত্রণে। এরপর এসেছে বৃষ্টি। একটানা বৃষ্টিতে সংশয়েই পড়ে যায় এবারের বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল।

আগে ব্যাট করা নিউজিল্যান্ড বৃষ্টি আসার আগে ৪৬.১ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১১ রান তুলতে পেরেছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত বৃষ্টি থামেনি। যদি গতকাল বৃষ্টির কারণে আদৌ আর খেলা না হয়ে থাকে বাকিটা আজ অনুষ্ঠিত হবে।

নিউজিল্যান্ড শুরুতেই তাদের ফর্মের বাইরে থাকা ওপেনার মার্টিন গাপটিলের উইকেট হারায়। ১ রান করে তিনি বুমরাহর শিকার হন। প্রথম ৩ ওভারে রানই তুলতে পারেনি নিউজিল্যান্ড। এরপর ২৮ রান করে ফিরে আসেন হেনরি নিকোলস। আর এখান থেকেই প্রায় সব ম্যাচের মতো আবারও নিউজিল্যান্ডের হাল ধরেন কেন উইলিয়ামসন ও রস টেলর। উইলিয়ামসন ৬৭ রান করে ফিরে আসেন। এরপর জিমি নিশম ও কলিন ডি গ্রান্ডহোমকে নিয়ে লড়াই চালান টেলর।

নিশম ১২ ও গ্রান্ডহোম ১৬ রান করে আউট হন। আর এক প্রান্তে রানের গতি বাড়ানোর চেষ্টা করে অপরাজিত থাকেন টেলর। তিনি বৃষ্টি আসা পর্যন্ত ৬৭ রানে অপরাজিত ছিলেন।

ভারতের হয়ে একটি করে উইকেট নেন ভুবনেশ্বর, বুমরাহ, পান্ডিয়া, জাদেজা ও চাহাল।