নেদারল্যান্ডসের রানি ম্যাক্সিমা চার দিনের সফরে গতকাল মঙ্গলবার ঢাকা এসে পৌঁছেছেন। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন গতকাল বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান। সফরকালে রানি ম্যাক্সিমা বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শনসহ অর্থনৈতিক খাতের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। তিনি ২০০৯ সাল থেকে জাতিসংঘ মহাসচিবের ইনক্লুসিভ ফাইন্যান্স ফর ডেভেলপমেন্ট বিষয়ক স্পেশাল অ্যাডভোকেট হিসেবে কাজ করছেন।
জানা যায়, রানি ম্যাক্সিমা আজ বুধবার সন্ধ্যায় জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত্ করবেন। এর আগে সকালে তিনি নগরীর আগারগাঁওয়ে আইডিবি ভবনে ঢাকাস্থ জাতিসংঘ সদর দপ্তর পরিদর্শন এবং সেখানে বিভিন্ন উন্নয়ন সহযোগীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। এরপর তিনি নরসিংদীর পলাশে জিন্দারি ইউনিয়ন পরিষদ ও টাঙ্গাইলে একটি বুটিক শপ পরিদর্শন করবেন।
আগামীকাল বৃহস্পতিবার ডাচ রানি বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে একটি গোলটেবিল আলোচনায় যোগ দেবেন। এছাড়া তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন। বিকালে তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাত্ করবেন। আগামী শুক্রবার সকালে তিনি ঢাকা ত্যাগ করবেন।
এদিকে ঢাকায় ইউএনডিপি কার্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আর্থিক খাতের সেবা সবার জন্য’ এই ভাবনাকে ছড়িয়ে দিতে বাংলাদেশ সফর করছেন রানি ম্যাক্সিমা। সফরকালে তিনি নারীদের আর্থিক প্রতিষ্ঠান থেকে সেবাপ্রাপ্তি যেন সহজ হয় সে বিষয়ে বিশেষ জোর দেবেন। তার সফরের কেন্দ্রে থাকছে ‘দি বাংলাদেশ ন্যাশনাল স্ট্র্যাটেজি ফর ইনক্লুসিভ ফাইন্যান্স (এনএফআইএস) বা উন্নয়নের জন্য অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে জাতীয় কৌশলপত্র। সাধারণ মানুষ যেন সহজেই আর্থিক সেবা খাতের সহযোগিতা পেতে পারে, সে উদ্দেশ মাথায় রেখে বাংলাদেশ এখন এই কৌশলপত্র প্রণয়নের কাজ করছে। প্রসঙ্গত, এর আগে রানি ম্যাক্সিমা ইউএনএসজিএসএর পদাধিকারবলে ২০১৫ সালের নভেম্বরে বাংলাদেশ সফর করেন।